


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার ধারে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে। জানা গিয়েছে মৃত যুবকের নাম দেবকুমার গায়েন। বয়স আনুমানিক ২৫ বছর। তিনি ঝড়খালি থানার অন্তর্গত পার্বতীপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, বেঙ্গালুরুতে নার্সিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন দেবকুমার। সম্প্রতি তিনি গ্রামে ফিরেছিলেন। তাঁর বিয়ের কথাবার্তাও চলছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় দেবকুমারকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে যুবকের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে সন্দেহ পুলিশের। তবে ঠিক কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেবকুমারকে কেন খুন করা হল, ঘটনার নেপথ্যে ব্যক্তিগত বিবাদ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি বেঙ্গালুরু থেকে দেবকুমার কেন গ্রামে ফিরেছিলেন, তাঁর সঙ্গে কারও কোনও বিরোধ ছিল কি না এবং ঘটনার আগে তাঁর গতিবিধি কী ছিল সেই বিষয়গুলিও তদন্তের আওতায় আনা হয়েছে।
ঘটনায় এখনও পর্যন্ত খুনের সঠিক কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং আটক সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ থেকে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।