


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সকাল ৬টা সবে ঘুম ভেঙেছে পামার বাজার সংলগ্ন ডি.সি দে রোডের। হঠাৎই দেখা যায় রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে একটি অ্যাপ ক্যাব। ভিতরে রয়েছেন একজন । স্থানীয়রা তাঁকে ডাকতে গেলে দেখা যায় গাড়িটি লক করা অবস্থায় ভিতরে দুমরে মুচরে পড়ে রয়েছে একটি ব্যক্তি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। আসে পুলিশ। গাড়িটির লক খোলার জন্য স্থানীয় মেকানিক ডাকা হয়। দরজা খুলে দেখা যায়, গাড়ির ভিতরে থাকা মৃত ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা। ময়নাতদন্তের জন্য মৃত দেহটি পাঠানো হয়েছে।
ইতিমধ্যেই তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। পুলিশের তদন্তে উঠে এসেছে মৃত ব্যক্তির নাম ভগবান প্রসাদ গুপ্তা। তিনি বটতলা এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে তদন্তকারীদের পর্যবেক্ষণ থেকে জানা গিয়েছে, মৃত ব্যক্তির মুখে ঘুশির আঘাত রয়েছে। এই এলাকায় যেখানে গাড়িটি পড়েছিল তার চারিদিকে একাধিক সিসিটিভি রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ প্রত্যেকটি ক্যামেরাই বিকল। বারবার প্রশাসনকে জানিয়েও ঠিক হয়নি একটি ক্যামেরাও। এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে এন্টালি থানার পুলিশ।