


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কিছু সপ্তাহ না ঘুরতেই ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। শুক্রবার দুপুরে এয়ারপোর্টের ডিপারচার টয়লেটে সাফাইকর্মীদের একটি চিরকুট প্রথমে চোখে পড়ে। সেইটি খুলে দেখতেই আতঙ্ক ছড়ায় তাদের মধ্যে। চিরকুটে লেখা ছিল বিমানবন্দরে বোমা রাখা রয়েছে এবং বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। সাফাইকর্মীরা বিমানবন্দরের ভিতরে এই চিরকুটটি প্রথম দেখতে পায় এবং গোটা বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফকে জানায়। তারপরেই তৎপর হয় নিরাপত্তারক্ষীরা। এই মুহূর্তে বিমানবন্দরে প্রত্যেকটি জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা। কে বা কারা বোমা রাখা আছে বলে লিখল এই বিষয়টাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। তবে এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু চোখে পড়েনি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
কলকাতার বিমানবন্দরে বোমাতঙ্কের ঘটনা নতুন নয়। চলতি মাসের ৮ তারিখেও বিমানবন্দর চত্বরে বোমা আছে বলে একটি হুমকি ইমেলকে ঘিরে আতঙ্ক ছড়ায়। তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়। যদিও বা কোনো সন্দেহজনক বস্তু বা বোমা পাওয়া যায়নি। এছাড়াও গত ৫ সেপ্টম্বর শুক্রবার সন্ধ্যাতেও বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে। কলকাতা থেকে গোরক্ষপুরগামী একটি বিমানের শৌচালয়ে টিস্যু পেপারে বোমা রাখার হুমকি লেখা রয়েছে বলে জানা যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে বিমানটিকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং বিমানে থাকা ১৮৫ জন যাত্রীকে নামিয়ে শুরু হয় তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড ও স্নিফার ডগের দল। বিমানের ভিতরে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগপত্রও পরীক্ষা করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিমানটিকে ঘিরে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চললেও শেষ পর্যন্ত বিমানের ভিতর থেকে কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।