


সংবাদদাতা, বোলপুর: আজ, রবিবার সন্ধ্যায় বোলপুর শহরে বিজেপির এক বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের ২০১ নম্বর বুথের বিজেপি সভাপতি বলে জানা গিয়েছে। ত্রিশূলাপট্টি এলাকায় তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনবাবুর ছেলে শুভকান্তি বলেন, রাজনৈতিক কারণেই এই হামলা। বাবার সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।