


নিজস্ব প্রতিনিধি, বারাসত: সীমান্তবর্তী জেলাকে ‘করিডর’ করে উগ্রপন্থীরা যাতায়াত করছে। পাশাপাশি তৈরি করছে স্থায়ী ডেরা। বারাসতে একটি কর্মসূচিতে এসে এমনই অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, অনুপ্রবেশ এখন শুধু জনবিন্যাসের পরিবর্তনের বিষয় নয়। এর সঙ্গে জাতীয় নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে রয়েছে। সীমান্ত এলাকায় জাল আধার ও প্যান কার্ড তৈরির চক্র সক্রিয় বলেও অভিযোগ করেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসত-টাকি রোডে চাকলা ও কচুয়া ধামের পুণ্যার্থীদের জন্য আয়োজিত সেবা শিবিরে বক্তব্য রাখেন শমীকবাবু। সেখানে ‘সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন’-এর প্রসঙ্গ তোলেন তিনি। তাঁর বক্তব্য, গত শতাব্দীর আটের দশক থেকেই জনবিন্যাসের এই পরিবর্তন নিয়ে সতর্ক করা হচ্ছে। বিনাযুদ্ধে ভারতকে দখল করার চক্রান্ত চলছে। সীমান্তবর্তী এলাকায় উগ্রপন্থী সংগঠনের সদস্যদের যাতায়াত এবং স্থায়ীভাবে ঘাঁটি গড়ার অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর দাবি, জাল আধার কার্ড, জাল প্যান কার্ড তৈরির হাব হয়ে উঠেছে এই এলাকা। এই ধরনের কারবার যে কোনো মূল্যে বন্ধ করা প্রয়োজন। এদিন উদ্বাস্তু হওয়ার স্মৃতির কথাও তুলে ধরেন শমীকবাবু। বাংলাদেশে মন্দির, ইসকন এবং বাঙালি ঐতিহ্যের উপর হামলার অভিযোগ করে তিনি ঐক্যের ডাক দেন। অনুপ্রবেশের প্রশ্নকে বৃহত্তর নিরাপত্তার সঙ্গে দেখার পক্ষে সওয়াল করেন তিনি। ওয়াকফ নিয়েও এদিন তৃণমূলকে নিশানা করেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর অভিযোগ, তৃণমূল আমলে ওয়াকফ সম্পত্তি লুট অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। ফাইল চিত্র