


সান্তিয়াগো: দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে চার ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্তিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের খিদে বিন্দুমাত্র কমেনি। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে জুলিয়ান আলভারেজের গোলে চিলিকে হারাল লায়োনেল স্কালোনি-ব্রিগেড। সেই সুবাদে শীর্ষস্থান আরও মজবুত করল ডিয়েগো মারাদোনার দেশ। তাদের সংগ্রহ ১৫ ম্যাচে ৩৪। দিনের অপর ম্যাচে ইকুয়েডরের কাছে আটকে গেল ব্রাজিল। গোলশূন্য ড্রয়ের ফলে বাছাই পর্বে চতুর্থ স্থান ধরে রাখল সেলেকাওরা (১৫ ম্যাচে ২২ পয়েন্ট)।
চোটের কারণে বিশ্বকাপের বাছাই পর্বে শেষ দু’টি ম্যাচে দলে ছিলেন না লায়োনেল মেসি। চিলির বিরুদ্ধে স্কোয়াডে ফিরলেও, তাঁকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন স্কালোনি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা লাওতারো মার্তিনেজকে বিশ্রাম দিয়েছিলেন আর্জেন্তিনা কোচ। আপফ্রন্টে গুইলিয়ানো সিমোনে, নিকো পেরেজের মতো তরুণ ফুটবলারের উপর আস্থা রাখেন তিনি। সিঙ্গল স্ট্রাইকারে শুরু করেন আলভারেজ। ক্লাব ফুটবলে দুরন্ত ছন্দে থাকা এই আতলেতিকো মাদ্রিদ ফুটবলারের গোলে লিড নেয় আর্জেন্তিনা। ১৭ মিনিটে থিয়াগো আলমাদারের থ্রু পাস থেকে আলতো টোকায় প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন আলভারেজ (১-০)। প্রথমার্ধে এক গোলের লিড ধরে রেখেই মাঠ ছাড়েন তাঁরা। বিরতির পর ব্যবধান বাড়ানোর লক্ষ্যে মেসিকে মাঠে নামান স্কালোনি। ৭১ মিনিটে তাঁর ডিফেন্স চেরা পাস থেকে ব্যবধা বাড়ানোর সুযোগ এসেছিল সিমোনের সামনে। তবে তা কাজে লাগাতে ব্যর্থ এই তরুণ ফুটবলার।
এদিকে, কোচ বদলেও জয়ের দেখা পেল না ব্রাজিল। শুক্রবার বিশ্বকাপের বাছাই পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে সেলেকাও কোচের পদে অভিষেক ঘটে কার্লো আনসেলোত্তির। তবে অভিজ্ঞ ইতালিয়ান কোচের হাত ধরেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করলেন ভিনিসিয়াসরা। কার্ড সমস্যায় নির্বাসিত থাকা রাফিনহার অভাব ঢাকতে ব্যর্থ রিচার্লিসন-এস্তেভাওরা। ম্যাচে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে মাত্র তিনটি শট নেন ব্রাজিল অ্যাটাকাররা। বরং ঘরের মাঠে অনেক বেশি আক্রমণাত্মক দেখায় ইকুয়েডরকে। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে, পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তেই পারত সেবাস্তিয়ান বেকাসেসের ছেলেরা। এই ড্রয়ের ফলে ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দ্বিতীয় স্থান ধরে রাখল ইকুয়েডর।
চিলি- ০ : আর্জেন্তিনা- ১
ইকুয়েডর- ০ : ব্রাজিল- ০