


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার এক অসম লড়াই এর সাক্ষী থাকতে চলেছে ফুটবল বিশ্ব। একটা দল বিশ্ব র্যাঙ্কিংএ ছয় নম্বরে, পাশাপাশি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর অন্য দলের কাছে বিশ্বকাপ তো অনেক দূরের স্বপ্ন, র্যাঙ্কিংএ ১৩৮। আগামীকাল যুবভারতীতে ভারত এবং ব্রাজিলের এই অসম লড়াই এর আগে প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছে টিম ব্রাজিল। এদিন সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, ‘পানামার বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখেছি। ওই ম্যাচে ভারত যথেষ্ট ভালো খেলেছে।’ তিনি জানান, ভারতের অ্যাটাকিং যথেষ্ট ভালো। আলাদা করে রায়ান উইলিয়ামসের নামও শোনা গেল তার মুখে। ব্রাজিল কোচের মতে তারা যেভাবে অন্যান্য প্রতিপক্ষকে সম্মান করেন ভারতকেও একইভাবে সম্মান করছেন।
অন্যদিকে ব্রাজিল দলের অধিনায়ক এবং দলের ডিফেন্ডার মার্কুইনহোস জানান, ভারতীয় দলের গোলকিপারকে আলাদা করে সমীহ করছেন তারা। শনিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে প্রতিপক্ষের শেষ ছটা ম্যাচ নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে বলে জানান ব্রাজিল অধিনায়ক।
ভারতে আসার পর থেকেই কলকাতায় ব্রাজিল দলকে নিয়ে যে উচ্ছ্বাস চারিদিকে রয়েছে তা নজর এড়ায়নি আনচেলত্তি থেকে মার্কুইনহোসদের। দুজনেই উচ্ছ্বসিত ভারতে তাদের ফুটবল দল নিয়ে উন্মাদনা দেখে। এই উন্মাদনা আগামীকালের ম্যাচে তাদের বাড়তি উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন ব্রাজিলের কোচ এবং অধিনায়ক।
অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে কঠোর অনুশীলনে নিজেদের ডুবিয়ে রাখল ভারতীয় দল। কোচ খালিদ জামিলের তত্ত্বাবধানে একদিকে যেমন সিচুয়েশন প্র্যাকটিস চলল পুরোদমে, অন্যদিকে জোর দেওয়া হল সেটপিসেও। এদিন ম্যাচের আগের প্রেস কনফারেন্সে এসে ভারতীয় কোচ জানিয়ে দেন, ‘পানামার বিরুদ্ধে আমরা ভালো খেলেছি, এবার সামনে আরো বড় ম্যাচ ব্রাজিলের বিরুদ্ধে। আমরা আমাদের ১০০ শতাংশ দেবো।’ পাশাপাশি এত বড় ম্যাচের আগে তিনি এবং তার দল যে চাপে আছেন সেটাও জানাতে ভোলেন নি ভারতীয় কোচ। তবে চাপে থাকলেও ম্যাচের প্রতিটি মুহূর্ত সতর্ক থাকবে তার দল বলে জানিয়ে দেন খালিদ। ভারতীয় দলের এক নম্বর ডিফেন্ডার আনোয়ার আলির মতে জীবনের একটা সেরা ম্যাচ খেলতে যাচ্ছেন তারা। ফলে এই ম্যাচে নিজেদের সবটা উজাড় করে দিতে চায় ভারতীয় দল। শনিবার ম্যাচ শুরু সন্ধ্যে সাড়ে সাতটায়।