


রিও-ডি-জেনেইরো, ১২ জুন: ফিফা বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ। না ফেরার দেশে পাড়ি দিলেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ও ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী হারকিউলিস দে ব্রিটো রুয়াস। যিনি ফুটবল বিশ্বে ‘ব্রিটো’ নামেই বেশি পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ব্রাজিলের এই কিংবদন্তি ডিফেন্ডারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে দেশের ফুটবল সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।
১৯৩৯ সালে জন্ম ব্রিটোর। ব্রাজিলের হয়ে তিনি ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১৯৬৬ সালের বিশ্বকাপে একটি ম্যাচে মাঠে নামলেও তাঁর প্রকৃত পরিচিতি আসে ১৯৭০ সালের বিশ্বকাপে। মেক্সিকোয় অনুষ্ঠিত সেই আসরে ব্রাজিলের দুর্দান্ত সাফল্যের অন্যতম কারিগর ছিলেন তিনি। বিশ্বকাপের সবকটি ম্যচই তিনি খেলেছিলেন। সেই সময় ব্রজিলকে ‘সবচেয়ে সুন্দর দল’ বলা হয়েছিল। তাঁর অসাধারণ শারীরিক সক্ষমতার জন্য সতীর্থরা তাঁকে ‘হারকিউলিস’ বলেও ডাকতেন। ১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের ছয়টি ম্যাচেই প্রথম একাদশে ছিলেন তিনি এবং একবারও বদলি হননি। সেই স্মরণীয় বিশ্বজয়ী দলের অন্যতম স্তম্ভ হিসেবে ব্রিটোর অবদান আজও ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে।