


নয়াদিল্লি: ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী মাসে ভারতে আসতে পারেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। সঙ্গে থাকবে ৪০০ সদস্যের প্রতিনিধি দল। একাধিক সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘বর্তমানে হোটেল চূড়ান্ত করতে ব্যস্ত চীনের আধিকারিকরা। একইসঙ্গে যাবতীয় নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে।’ যদিও এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বেজিং। দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা সহ বিভিন্ন ইস্যু নিয়ে নয়াদিল্লি-বেজিংয়ের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। অরুণাচলকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করে আসছে জিনপিংয়ের দেশ। বেজিংয়ের এই দাবিকে বারবার খারিজ করেছে নয়াদিল্লি। সীমান্ত সংঘাত মেটাতে বারবার বৈঠকে বসেছে দু’পক্ষ। তবে সমাধানসূত্র মেলেনি। এহেন পরিস্থিতিতে জিনপিংয়ের এই সম্ভাব্য সফরকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে আন্তর্জাতিক মহল। গত সাত বছরে এটাই হবে জিনপিংয়ের প্রথম ভারত সফর। প্রসঙ্গত, আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে হবে ‘ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন।
এদিকে সীমান্ত নিয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে বেজিং সফরে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে যোগ দিতেই তাঁর এই সফর। মঙ্গলবার চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন দোভাল। তার আগে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। হান-দোভাল সাক্ষাৎ নিয়ে বিবৃতি দিয়েছে বেজিংয়ের ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডলে তারা জানিয়েছে, ‘সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে কথা বলেছেন ভাইস প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।’