


নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর: বাণিজ্যযুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতায় বারবার কক্ষপথচ্যুত হয়েছে বিশ্ব অর্থনীতি। মাথা নত করছে বৃদ্ধির রেখচিত্র। অস্থির বিশ্ব সুশাসনে ব্রিকস গোষ্ঠীকে বিকল্প হিসেবে তুলে ধরার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আরো বলেন, 'গ্লোবাল সাউথ'-কে ‘নীতি নির্ধারক’ হয়ে উঠতে হবে এবং বিশ্ব পরিচালন ব্যবস্থায় চলতি ‘সুবিধাপ্রাপ্ত পিরামিড' কাঠামোর পরিবর্তে 'অংশীদারিত্বের প্ল্যাটফর্ম' গড়ে তুলতে হবে।
আজ থেকে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন। তার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রাখার বার্তাও দিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, গত দু’দশকে বিশ্বে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছে এই ব্রিকস। এই গোষ্ঠী কোনো নির্দিষ্ট পক্ষের নয়।
এদিকে, সন্ত্রাসবাদ ইস্যুতে বড়ো কূটনৈতিক সাফল্য ভারতের। ব্রিকস নয়াদিল্লি ঘোষণাপত্রে স্থান পেল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রসঙ্গ। সেইসঙ্গে যুদ্ধ বন্ধ, শুল্ক খাঁড়ার নিন্দা ও পরমাণু অস্ত্রের সুরক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।