


নয়াদিল্লি: জাতীয় সুরক্ষা আইনে (এনএসএ) দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কথা সমাজকর্মী আকৃতি চৌধুরীকে গ্রেপ্তারির কড়া সমালোচনা করেছিল আদালত। গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক মেধা রূপমের বেতন থেকে আকৃতিকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। বুধবার বিচারপতি সতীশচন্দ্র শর্মী ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের এজলাসে মামলার শুনানি ছিল। সেখানে আইনজীবীদের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। এদিন শুনানির সম্প্রচার ‘মিউট’ করে দিয়েছিল শীর্ষ আদালত। পরে অন্তর্বর্তী নির্দেশে স্বস্তি মেলে জ্ঞানেশ-কন্যার। হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশ স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিলে নয়ডায় শ্রমিক বিক্ষোভের ঘটনায় সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছিল আকৃতিকে।