


রহস্যের নানা ধরন থাকে। ‘বৃত্ত রহস্য’ আদতে সময়ের কথা বলবে। আসন্ন এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার ও ওম সাহানি। গল্পটি লিখেছেন অলেখ্য তালপাত্রা এবং পরিচালনা করছেন তপসী রায়। উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে শ্যুটিং করেছেন তিনি। পরিচালক জানিয়েছেন, এই ছবিতে ‘বৃত্ত’ সময়ের প্রতীক, যা কখনও শেষ হয় না। জীবন, সময় বা অভিজ্ঞতা—সবই একটি অনন্ত চক্রে ফিরে ফিরে আসে। আর এই সময়চক্রের মধ্যেই লুকিয়ে আছে এক অজানা রহস্য। তাঁর কথায়, ‘এখানে এমন কিছু ঘটনা ঘটছে যা বর্তমান বিজ্ঞান বা প্রযুক্তির সীমানা ছাড়িয়ে যায়। আধুনিক প্রযুক্তি, স্পেশাল এফেক্টস ও সিনেমাটোগ্রাফির সাহায্যে আমরা কল্পনা ও বাস্তবের মাঝে সীমারেখা ভেঙে এক নতুন অভিজ্ঞতা তৈরি করতে চলেছি।’ ওম এবং প্রিয়াঙ্কা ছাড়াও অলিভিয়া সরকার, দেবলীনা দত্ত, লাবণী সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, তপতী মুন্সি, ঈশান মজুমদার ও অশোক বিশ্বনাথন। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।