


নিজস্ব প্রতিনিধি কলকাতা: হগ মার্কেটে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। জনৈক মামলাকারীর দাবি, পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে হগ মার্কেটে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আরজি জানানো হয়েছে মামলায়। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসায় রাজ্যের অন্যত্র যেসব জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন মামলাকারী। আজ শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।
গত ৪ মে ভোট গণনার দিন গভীর রাতে নিউ মার্কেট এলাকায় গেরুয়া ঝান্ডা হাতে একদল যুবকের বিরুদ্ধে হগ মার্কেট সংলগ্ন এলাকায় হকারদের অস্থায়ী কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে।
পাশাপাশি তৃণমূলের পার্টি অফিসও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ, পুলিশ আধিকারিকদের সামনে হগ মার্কেটে বুলডোজার নিয়ে তাণ্ডব চলে। এই নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের যেসব পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, সেসব ঘটনায় আদালতকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন মামলাকারী।
যদিও হগ মার্কেটের এই ঘটনায় পদক্ষেপ করেছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দিয়েছেন, জেসিবি নিয়ে কোনো মিছিল করা যাবে না। এমনকি যারা এই সমস্ত জেসিবি ভাড়া দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে। তা সত্ত্বেও দায়ের হল মামলা।