


সীতাপুর: উত্তরপ্রদেশের সীতাপুরে বুলডোজার অ্যাকশন। সমাজবাদী পার্টির (সপা)-র কার্যালয় গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন। সীতাপুর শহরের টাউন হল এলাকায় ২১ বছর আগে সরকারি জমিতে ওই পার্টি অফিস তৈরি হয় বলে অভিযোগ। সোমবার ভোর পাঁচটা নাগাদ চারটি বুলডোজার এনে গুঁড়িয়ে দেওয়া গোটা পার্টি অফিসটি। কোনোপ্রকার অশান্তি রুখতে গোটা চত্বর পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। সম্প্রতি জেলা ম্যাজিস্ট্রেট আদালতের অবৈধ দখলদার উচ্ছেদের নির্দেশ দেয়। তার ভিত্তিতেই এই অভিযান। তবে আগে নোটিস দেওয়া হয়েছিল।
২০০৫ সালের জানুয়ারিতে সীতাপুরের টাউন হল এলাকায় সরকারের খাস জমিটি সপার অফিস তৈরির জন্য বরাদ্দ করেছিল তৎকালীন মুলায়ম সিং যাদবের সরকার। মোট আড়াই হাজার স্কোয়ার ফুট জমি বরাদ্দ হয়েছিল। ওই জমি পুরোপুরি নিয়মবিরুদ্ধভাবে বরাদ্দ করা হয়েছিল বলে আদালতের দ্বারস্থ হয় স্থানীয় পুরসভা। গত ৮ জুন ১৫ দিনের মধ্যে পার্টি অফিস খালি করার নির্দেশ দেয় আদালত। নির্ধারিত সময়সীমার দু’দিন আগেই পার্টি অফিস খালি করে দেওয়া হয়েছে বলে জানান জেলার সপা সভাপতি ছত্রপাল যাদব।