


নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ওয়েস্টমিনস্টারের বর্তমান প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সরকার কাজ করছে না। ক্ষমতা বদলের ডাক দিয়ে এমনই দাবি করলেন ব্রিটেনের সম্ভাব্য আগামী প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। ম্যানচেস্টার থেকে দেওয়া ভাষণে বার্নহ্যাম আগামী ১০ বছরের একটি পরিকল্পনা তুলে ধরেন। এই পরিকল্পনার লক্ষ্য, দেশের প্রতিটি এলাকায় সমান ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। তাঁর কথায়, বহুদিন ধরে উপেক্ষিত ও কার্যত ‘বাতিল’ হয়ে যাওয়া অঞ্চলগুলিতে নতুন করে সম্পদ ও অর্থনৈতিক সুযোগ পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য। এই পরিবর্তনের প্রতীকী পদক্ষেপ হিসাবে তিনি ম্যানচেস্টারে ‘নাম্বার ১০ নর্থ’ গঠনের পরিকল্পনাও ঘোষণা করেছেন। তাঁর মতে, এটি ভবিষ্যতে তাঁর প্রধানমন্ত্রিত্বের প্রশাসনিক কার্যক্রমের প্রধান কেন্দ্র বা ‘নার্ভ সেন্টার’ হয়ে উঠবে। বার্নহ্যামের কথায়, ‘আগে অঞ্চল, পরে দল। দোষারোপ নয়, সমস্যার সমাধান করাই প্রধান কাজ।’
টানা ৯ বছর ম্যানচেস্টারের মেয়র পদের দায়িত্ব সামলেছেন বার্নহ্যাম। তাঁর জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা অনেকটাই ম্যানচেস্টারে এই কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। সরকারি-বেসরকারি বিনিয়োগের সমন্বয়ে পরিবহণ, আবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করেছিলেন তিনি। তাঁর পরিকল্পনার মূল স্তম্ভগুলি হল— ক্ষমতার বিকেন্দ্রীকরণ, পরিষেবা সংস্কার, শিল্প ও সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ। যদিও দীর্ঘদিন তিনি ব্রিটেনের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন না। ফলে তাঁর আঞ্চলিক ‘ম্যানচেস্টারিজম’ মডেল জাতীয় স্তরে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত ২২ জুন পদত্যাগের ঘোষণা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তাঁর উত্তরসূরি হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বার্নহ্যাম। অন্য প্রতিদ্বন্দ্বী না থাকায়, আগামী ২০ জুলাইয়ের মধ্যে তিনিই আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন।