


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের জার্সিতে টানা তিনটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। তারমধ্যে দু’টিতে চ্যাম্পিয়ন। আর ২০০২ সালে তাঁর অধিনায়কত্বেই শেষবার বিশ্বসেরার স্বাদ পেয়েছিল ব্রাজিল। দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও, সেই মুহূর্ত এখনও চোখের সামনে ভেসে ওঠে। আনায়াসেই ভেসে যান স্মৃতির সাগরে। সোমবার কলকাতায় ঝটিকা সফরে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেখানেই তিনি জানান, ‘আমার কেরিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্ত বিশ্বকাপ হাতে তোলা।’
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন আর এক ব্রাজিলিয়ান হোসে রামিরেজ ব্যারেটো। মূলত কাফুর সঙ্গে আলাপচারিতার দায়িত্বভার ছিল তাঁর কাঁধে। সেখানে প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে তাঁর কেরিয়ারের আক্ষেপের কথা জিজ্ঞাসা করেন মোহন বাগানের প্রাক্তন তারকা। কাফুর সাফ জবাব, ‘মারাদোনার সঙ্গে এক দলে খেলতে না পারাটা আমার জীবনের বড়ো আক্ষেপ। তবে আমি ভাগ্যবান, পেলের সঙ্গে এক প্রদশর্নী ম্যাচ খেলার সুযোগ পেয়েছি।’