


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বিল বোর্ড খোলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগে এবার তলব করা হল রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। রবিবার সকালে শেক্সপিয়ার সরণি থানার তরফে সাংসদের বাড়িতে গিয়ে নোটিস দেওয়া হয়। সূত্রের খবর, সেইসময়ে তিনি ছিলেন না। তাঁর বাড়ির নিরাপত্তারক্ষী পুলিশের নোটিস গ্রহণ করেন। উল্লেখ্য, সরকারি কাজে বাধাদান ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ রয়েছে ডেরেকের বিরুদ্ধে। একইসঙ্গে, এই মামলায় তলব করা হয়েছে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়কেও।
অন্যদিকে, পুলিশকে পালটা নোটিস দেওয়া হয়েছে অভিষেকদের তরফে। আইনজীবী অর্ক নাগ বলেন, ক্যামাক স্ট্রিটের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের নামে নোটিস পাঠিয়েছে শেক্সপিয়ার সরণি থানা। কিন্তু অনলাইনে এফআইআর কপি আপলোড করা হয়নি। তাই আমরা সংশ্লিষ্ট থানাকে পালটা নোটিস পাঠিয়েছি। তাতে বলা হয়েছে, অনলাইন এফআইআর আপলোড করার আদেশ আছে সুপ্রিম কোর্টের। সেটা করা না-হলে বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী গণ্য হবে। সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে অবমাননার মামলা হওয়া উচিত।