


আমেদাবাদ: ২ কোটি টাকা খরচে ৪ কিলোমিটার দীর্ঘ ক্যানাল। কৃষকদের সেচের জন্য গুজরাত সরকারের উদ্যোগে নির্মিত হয়েছিল এই প্রকল্প। বিধায়ক গিয়ে হাতুড়ি ‘টেস্ট’ করতেই ঝুরঝুরে বালির মতো ভেঙে পড়ল ক্যানালের নানা অংশ। খেড়া জেলার বন্থবালি গ্রামের ঘটনা। এবার গোটা ক্যানাল ভেঙে ফেলে নতুন করে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই কাজ শুরুও হয়ে গিয়েছে।
বিগত কয়েকদিন ধরে কৃষকদের কাছ থেকে ক্যানাল তৈরিতে খারাপ সরঞ্জাম ব্যবহারের অভিযোগ উঠছিল। তার প্রেক্ষিতেই শনিবার হঠাৎ স্থানীয় বিধায়ক ওই ক্যানাল পরীক্ষার জন্য যান। হাতুড়ি দিয়ে ক্যানালে মারতেই সেটি ভাঙতে শুরু করে। তারপরই গান্ধীনগরে শীর্ষস্থানীয় অফিসারদের কাছে তিনি অভিযোগ জানান। সেইমতো গোটা নির্মাণকাজ পুনরায় করার নির্দেশ জারি হয়।