


মুম্বই, ২১ সেপ্টেম্বর: প্রায় এক বছরের লড়াই শেষ। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৭১ বছর। গতকাল অর্থাৎ রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌচাক খ্যাত এই অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। দক্ষিণ কলকাতার বাড়ি বিক্রি করে পাকাপাকি ভাবে চলে গিয়েছিলেন মুম্বইতে। সেখানেই চিকিৎসাও চলছিল তাঁর। অল্পদিনের কেরিয়ার কিন্তু অভিনয় দক্ষতায় দর্শকদের মন অবলীলায় কেড়েছিলেন তিনি। বাংলার পাশাপাশি হিন্দি এবং ওড়িয়া ছবিতেও কাজ করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯০ পর্যন্ত অভিনয়ের পর লোকচক্ষুর আড়ালেই ছিলেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড তথা বিনোদন জগৎ। অনুরাগীদের পাশাপাশি শোকপ্রকাশ করেছেন সাবিত্রী দেবী, রঞ্জিত মল্লিক, জিৎ, প্রসেনজিতের মতো তারকারাও।
১৯৫৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। শেষ পর্ব ছবির হাত ধরে বাংলা ছবিতে তাঁর আবির্ভাব। এরপর মর্জিনা আবদুল্লা, আশ্রিতা, স্বয়ংসিদ্ধা, প্রতিমা, নিশিকন্যা, হোটেল স্নো ফক্স, মৌচাক-এর মতো একাধিক হিট বাংলা ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলার পাশাপাশি বলিউডেও নিজের অভিনয়ের ছাপ রেখেছিলেন। ১৯৭৬ সালে হিন্দি ছবি খান দোস্তে শত্রুঘ্ন সিনহার সঙ্গে অভিনয় করেন। এছাড়া দিললাগি, সফেদ ঝুট ছবিতেও অভিনয় করেন মিঠু।