


মনসুর হাবিবুল্লাহ, দিনহাটা: মাথাভাঙা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। দিনহাটা থেকে নিশীথ প্রামাণিক ভয়ে পালিয়ে গিয়েছেন বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহের। তবে উদয়নের দাবিকে পাত্তা দিতে নারাজ নিশীথ। তাঁর দাবি,কোন আসনে কে প্রার্থী হবেন তা চূড়ান্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই অনুযায়ী রণনীতি তৈরি হয়। কে কী বলল সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের কাছে নির্বাচনই অনেকবেশি গুরুত্বপূর্ণ। ভোটের ফলাফলই শেষ কথা বলে,মন্তব্য মাথাভাঙার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের।
২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। ভোটে জিতে তিনি সাংসদ হন। সাংসদ থাকাকালীনই ২০২১ সালে দিনহাটা বিধানসভায় তাঁকে প্রার্থী করে দল। উদয়ন গুহকে তিনি ৫৭ ভোটে পরাজিত করেন। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। পরে দিনহাটা উপ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তবে চব্বিশের লোকসভা নির্বাচনে পরাজিত হন নিশীথ। দিনহাটা বিধানসভায় তিনি ১৮ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। ২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় দিনহাটা কেন্দ্রে নতুন মুখ এসেছে। দিনহাটা আসনে অজয় রায়কে প্রার্থী করেছে বিজেপি। দ্বিতীয় দফার তালিকায়ে নিশীথকে মাথাভাঙার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মাথাভাঙা আসন বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর থেকে এই আসনে এখনও বিজেপি পরাজিত হয়নি। তবে তাদের বিধায়ক সুশীল চন্দ্র বর্মনকে এবার দল প্রার্থী করেনি। পরিবর্তে নিশীথকে টিকিট দিয়েছে।