


আমেদাবাদ: পাকিস্তানকে হারানোর পরেই নিশ্চিত হয়েছিল সুপার এইটের টিকিট। গ্রুপের শেষ ম্যাচ জিতে চারে চার হল ঠিকই, কিন্তু নেদারল্যান্ডসকে হারাতে কালঘাম ছুটল গম্ভীরের ছেলেদের। ফুটে উঠল অনেক খামতি। সেটাই সুপার এইটের আগে টিম ইন্ডিয়ার কাছে যথেষ্ট অস্বস্তির।
একটা দল যখন ধারাবাহিক সাফল্য পায়, তখন ছোট ছোট ভুলভ্রান্তি সেভাবে চোখে পড়ে না। তবে কঠিন ম্যাচে সেগুলোই কখনও কখনও হয়ে ওঠে পতনের কারণ। তাই ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রীতিমতো সাবধানী। ম্যাচ শেষে তিনি জানিয়ে দিলেন, দলের জয়ে সকলের অবদান চান। অধিনায়ক আলাদা করে কারও নাম বলেননি। তবে অভিষেক শর্মার শূন্যের হ্যাটট্রিক নিয়ে তিনি যে বড়ই চিন্তিত, সেটা আর চাপা থাকল না। বিশ্বকাপের আগে অভিষেকের দুরন্ত ফর্মই আশা দেখিয়েছিল সমর্থকদের। কিন্তু সেই অভিষেককে নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। শূন্যের হ্যাটট্রিকে বড়ই বিড়ম্বনায় পড়েছেন বাঁ হাতি ওপেনার। সব বলে চার-ছক্কা হাঁকানোর নেশাই যে তাঁকে বিপদে ফেলছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরের মতে, ‘অভিষেক বড় বেশি তাড়াহুড়ো করছে। ওকে ধৈর্য ধরতে হবে। পিচে সময় কাটালে ও ধীরে ধীরে ছন্দ ফিরে পাবে। টেকনিকের কোনও সমস্যা হলে সেটা ব্যাটিং কোচের দেখা উচিত। সামনের লড়াই আরও কঠিন। অভিষেকের ছন্দে ফেরা জরুরি। একই সমস্যা হচ্ছিল সঞ্জুরও। আমার তো মনে হয়, সুপার এইটের প্রথম ম্যাচে অভিষেককে বসিয়ে সঞ্জুকে খেলানোর কথা ভাবা যেতে পারে।’
তবে এই ভারতীয় দলে অনেক ম্যাচ উইনার। টপ অর্ডারের ব্যর্থতা সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে মিডল অর্ডারের। অধিনায়ক সূর্যকুমার দারুণ ফর্মে। কখনও হার্দিক পান্ডিয়া, কখনও শিবম দুবে উঠছেন জয়ের কারিগর। গত ম্যাচে দুবের অলরাউন্ড পারফরম্যান্সই ফারাক গড়ে দিল দুই দলের মধ্যে। সেই সঙ্গে বল হাতে দুরন্ত ফর্মে বরুণ চক্রবর্তী। তাঁর স্পিনের সামনে অসহায় দেখাচ্ছে বিপক্ষের ব্যাটারদের। তবে সর্বাকিভাবে ভারতের বোলিং জমাট লাগছে না। ডাচ ব্যাটসম্যানরা সেই কারণেই সহজে রান করতে পেরেছেন।
আপাতত একদিনের বিশ্রাম। তারপর সুপার এইটের প্রস্তুতিতে নেমে পড়বেন সূর্যকুমাররা। দলে নেই কোনও চোট সমস্যা। সেটাই স্বস্তি জোগাচ্ছে কোচ গৌতম গম্ভীরকে। তবে গ্রুপ পর্বের সাফল্যে গা ভাসালে হবে না। সেটা সতীর্থদের মনে করিয়ে দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার। তিনি বলেন, ‘আমরা যা যা করতে চেয়েছিলাম, সেটা সফলভাবেই করতে পেরেছি। ভুল থেকে শিক্ষা নিয়ে পরের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে।’