


মাদ্রিদ: কবজিতে গুরুতর চোট। যন্ত্রণায় কাবু কার্লোস আলকারাজ। তার ফলে শেষ মুহূর্তে মাদ্রিদ ওপেন থেকে নাম তুলে নিয়েছিলেন তিনি। যা পরিস্থিতি তাতে স্প্যানিশ তারকার ফরাসি ওপেনে নামা নিয়েও সংশয় দেখা দিয়েছে। লাল সুরকির কোর্টে লড়াই শুরু ২৪ মে। তার আগে মেডিকেল টেস্ট হবে বিশ্বের দু’নম্বর তারকার। পাশ করলে তবেই রোলাঁ গারোয় দেখা যাবে আলকারাজকে। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বার্সেলোনা মাস্টার্সের প্রথম রাউন্ডে স্ট্রেট সেটে জেতেন তিনি। তবে সেই ম্যাচেই কবজিতে চোট পান গতবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। তাই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন স্প্যানিশ তরুণ। মঙ্গলবার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে আলকারাজ বলেন, ‘আমি ফিট হওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। তাই মেডিকেল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। পাশ করলে খেতাব ধরে রাখার লক্ষ্যে লড়ব।’
গতবার ফরাসি ওপেনের ফাইনালে প্রথম দু’টি সেট হেরে পিছিয়ে পড়েছিলেন আলকারাজ। সেখান থেকে নাটকীয় দক্ষতায় শেষ তিন সেট জিতে চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া গত দুই মরশুমে প্রায় সব গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন আলকারাজ ও সিনার। স্প্যানিশ তারকার চোটের জেরে আসন্ন ফরাসি ওপেনে দুই তারকার দ্বৈরথ উপভোগ থেকে বঞ্চিত হতে পারেন টেনিসপ্রেমীরা। চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জেতেন আলকারাজ। এরপর আমেরিকায় হওয়া দু’টি এটিপি টুর্নামেন্টে ব্যর্থ হন স্প্যানিশ তারকা। তার মধ্যে মন্টে কার্লো ওপেনে জানিক সিনারের কাছে হারতে হয় তাঁকে। তার ফলে খোয়াতে হয়েছে বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ স্থান। তাই সকলের ধারণা ছিল ফরাসি ওপেনে মধুর প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় রয়েছেন আলকারাজ।