


নয়াদিল্লি: ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহার করে ১.৬৭ লক্ষ কোটি টাকার বিদেশি মুদ্রা বাঁচিয়েছে ভারত। শুধু তাই নয়, ২৮৩ লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল ব্যবহারের থেকে বেঁচে গিয়েছে দেশ। ৮৫১ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড থেকে রক্ষা পেয়েছে পরিবেশ। এমনটাই উঠে এসেছে কেপিএমজির রিপোর্টে। ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহারে শুধু দেশের অর্থনীতি বা পরিবেশই রক্ষা পাচ্ছে না, গ্রামীণ জনগনের উপায়ের পথও তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম পেশাদার পরিষেবা প্রদানকারী সংস্থার ওই রিপোর্টে বলা হয়েছে, ‘ইথানল ব্যবহারের ফলে কৃষিক্ষেত্র এবং জ্বালানি ক্ষেত্রের মধ্যে একটা সেতু তৈরি হয়েছে। এতে গ্রামীণ মানুষের আয় বেড়েছে।’
দেশের এই ক্রমবর্ধমান ইথানল ব্যবহারের পরিপ্রেক্ষিতে ১০০ শতাংশ ইথানল জ্বালানি ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ১০০ শতাংশ ইথানল জ্বালানি ব্যবহারের উপযুক্ত গাড়ি নির্মাণের প্রস্তুতি শুরু করেছে গাড়ি উৎপাদক সংস্থাগুলি। এর ফলে দেশের কোষাগারে বিদেশি মুদ্রার চাপ কমবে। এনডিএ সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার নাগপুরে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ মন্ত্রী নীতিন গাদকারি বলেন, ‘শনিবার রাত ৮টা নাগাদ ১০০ শতাংশ ইথানল ব্যবহারের অনুমতি দিয়ে একটি ফাইলে স্বাক্ষর করেছি।’