


নয়াদিল্লি: সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে অভব্য মন্তব্য। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী বিজয় শাহর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় অনুমোদন দিতে রাজি হয়নি রাজ্য মন্ত্রিসভা। এবার ওই প্রস্তাবে সিলমোহর দিলেন রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেলও। এরআগে সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছিল, বিশেষ তদন্তকারী দল বা সিট তদন্ত সম্পূর্ণ করেছে। আইনি প্রক্রিয়ায় অনুমোদন সংক্রান্ত প্রস্তাব রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরপর সোমবার রাতে রাজ্যপাল ভোপালে ফেরার পর মুখ্যসচিব অশোক বার্নওয়াল লোকভবনে নিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। এরপরই মন্ত্রিসভার প্রস্তাবে রাজ্যপাল সায় দেন বলে সূত্রের খবর। বিজয়ের বিরুদ্ধে মামলা চালানোর ব্যাপারে যে অনুমোদন দেওয়া হবে না, তা নিয়ে গত ২৫ আগস্ট মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এর আগে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি, বিচারপতি ভি মোহনার বেঞ্চকে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছিলেন, সিটের সুপারিশ নিয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সিট অফিসার আদালতকে জানিয়েছিলেন, আইনি প্রক্রিয়ার অনুমোদন মিললে চার্জশিট পেশ করা হবে। আর তা নাহলে ক্লোজার রিপোর্ট পেশ করা হতে পারে। এরপর মামলার শুনানি স্থগিত রাখে কোর্ট।