


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম আর রেজিনগরে উপনির্বাচন। কিন্তু তার আগে ট্রাইবুনালে নিষ্পত্তি না হলে প্রায় ১৮ হাজার মানুষ ভোট দিতে পারবেন না। তাই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআরে নাম বাদ পড়া মামলার দ্রুত শুনানির জন্য সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। কিন্তু দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত জানিয়ে দিলেন, এগুলো স্রেফ উপনির্বাচন। আর কিছু নয়। ফলে আগামী ৫ অক্টোবরই সুপ্রিম কোর্টে শুনানি হবে।
মামলার আবেদনকারী প্রসেনজিৎ বসুর আইনজীবা আদালতে বলেন, উপনির্বাচনেও যদি মানুষ ভোট দিতে না পারে, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে হবে। এসআইআরে নাম বাদ যাওয়ায় মূল বিধানসভায় ভোট দিতে পারেননি। এখন ট্রাইবুনালে মামলা চলছে। নিষ্পত্তি হয়নি।
শীর্ষ আদালতের তালিকায় আগে এসআইআর সংক্রান্ত মামলার শুনানির দিন ছিল ২৯ সেপ্টেম্বর। কিন্তু এখন দেখাচ্ছে ৫ অক্টোবর। তাই আগে মামলা শোনা হোক। যদিও মত বদলাননি বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, মামলা ৫ অক্টোবরই শোনা হবে।
মূল আবেদনের পাশাপাশি সোমবার সুপ্রিম কোর্টে নতুন করে একটি মামলা দায়ের করেছেন প্রসনেজিৎবাবু। সেখানে ট্রাইবুনালে নাম তোলার আবেদন জানানো ভোটারদের মধ্যে ১৬ লক্ষ নাম অন্তর্ভুক্ত না-করার যে আবেদন জমা পড়েছে, তা বাতিল করতে সুপ্রিম কোর্টে আরজি জানানো হয়েছে।