


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রশাসনিক কারণে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সূচিতে বদল আনল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। ৩ মার্চ হতে চলা দশম ও দ্বাদশ শ্রেণির সমস্ত পরীক্ষাই পিছিয়ে যাচ্ছে। দশম শ্রেণির যেসব পরীক্ষা ওইদিন হওয়ার কথা ছিল, তা নেওয়া হবে ১১ মার্চ। এদিন বিভিন্ন আঞ্চলিক ও বিদেশি ভাষাপত্র, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এনসিসি প্রভৃতি বিষয়ের পরীক্ষা ছিল। আর দ্বাদশ শ্রেণির ৩ মার্চের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে একমাসেরও বেশি সময়। সব পরীক্ষা মিটলে, ১০ এপ্রিল ওই পরীক্ষা নেওয়া হবে। প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির লিগ্যাল স্টাডিজ পেপারটি ছিল ওইদিন। বাকি কোনও পরীক্ষার দিন পরিবর্তন হচ্ছে না। আগের রুটিন অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত দশম ও দ্বাদশের পরীক্ষা নেওয়ার কথা ছিল সিবিএসই’র।