


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেন্সাস বা জনগণনার কাজে একই স্কুল থেকে প্রচুর শিক্ষক নেওয়া হয়েছে, তা স্বীকার করলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে তিনি জানান, অনেক শিক্ষক তুলে নেওয়ায় বেশকিছু স্কুলে পঠনপাঠনের সমস্যা হচ্ছে। এটা আমরা মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি। এই সমস্যা মেটানোর জন্য পদক্ষেপ করা হচ্ছে। আরও একটি প্রশ্নের উত্তরে তিনি এও বলেন, শিক্ষক সংগঠনের একটি অনুষ্ঠানে বেশকিছু শিক্ষকই তাঁকে প্রস্তাব দিয়েছিলেন, সকালে স্কুল করা হলে পঠনপাঠন অব্যাহত রেখেই জনগণনার কাজ করা যাবে। যদিও, এ নিয়ে সরকার কিছু চাপিয়ে দিতে চায় না, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিধাননগর গভর্নমেন্ট স্কুল এবং বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ে তিনদিনের ছুটি ঘোষণা করতে হয়েছে। কারণ সেন্সাসের জন্য প্রায় সমস্ত শিক্ষক-শিক্ষিকাই প্রশিক্ষণ নিচ্ছেন।
এদিনই স্কুলশিক্ষা কমিশনারের তরফে সমস্ত ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন জেলার সমস্ত স্কুলগুলির দৈনন্দিন কাজকর্মে নজর দেন। কারণ, বহু স্কুল থেকেই অভিযোগ আসছে, স্কুলগুলির প্রশাসক হিসাবে নিযুক্ত ডিআইরা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে সহযোগিতা করছেন না। এ নিয়ে বহু স্কুলেই প্রশাসক-প্রধান শিক্ষক বিরোধ চলছে। এই বিরোধ মেটানোর ডিআইদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।