


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আদালতের বিচারাধীন। এই ‘যুক্তি’ দেখিয়ে আপাতত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘বিতর্কিত’ বিধি নিয়ে যাবতীয় প্রশ্নের জবাব সংসদে এড়িয়ে যাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। সরকারি সূত্রের খবর, এমনই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক। সোমবার লোকসভায় এসংক্রান্ত বিষয়ে কেন্দ্রকে লিখিত প্রশ্ন করেন ডিএমকে সাংসদ সেলভাগণপতি টি এম। তাঁর সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, সংশ্লিষ্ট বিধির আওতার বাইরে ওবিসি তালিকাভুক্তদের রাখা হয়েছে কি না। একইসঙ্গে ওই ডিএমকে সাংসদ জানতে চান যে, দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট পড়ুয়াকে ডিগ্রি কিংবা প্রোগ্রাম থেকে বহিষ্কারের নিয়ম ওই বিধিতে রাখা হয়েছে কি না। এরই লিখিত জবাবে এদিন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার লোকসভায় লিখিতভাবে জানান, বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। তিনি জানিয়েছেন যে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ওই বিধি কার্যকরের বিষয়ে গত ১৩ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে। গত ২৯ জানুয়ারি ওই বিধি আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রত্যাশিতভাবেই কোন ঘটনাক্রমের ভিত্তিতে দেশের সর্বোচ্চ আদালত ওই নির্দেশ দিয়েছে, লোকসভায় লিখিত জবাবে তার উল্লেখমাত্র করেনি সরকার।