


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে সোমবার রাতের তীব্র বর্ষণ এবং জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করল সিইএসসি কর্তৃপক্ষ। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিনীত সিক্কা জানিয়েছেন, এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিয়ে আমরা এই ক্ষতিপূরণ দেব বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় একের পর এক মৃত্যুর ঘটনায় সিইএসসির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার স্বতঃপ্রণোদিত মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ জানায়, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা নিয়ে ওই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে হবে। নিকাশি ব্যবস্থা নিয়ে কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুরসভাকেও। এর পাশাপাশি মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে অবস্থান জানাবে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।