


ঢাকা: বাংলাদেশে সাধারণ নির্বাচনের আগে তারেক রহমানকে দলের চেয়ারম্যান নিযুক্ত করল বিএনপি। এতদিন এই দায়িত্বে ছিলেন তারেকের মা খালেদা জিয়া। তবে খালেদার অসুস্থতার জন্য এতদিন লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন তারেক। শুক্রবার বিএনপির স্ট্যান্ডিং কমিটি দলের বৈঠকে তারেককে দলের চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, দলের বর্তমান প্রধান ছাড়া আরও মুখ ভোটের প্রচারে ব্যবহার করা যাবে না। এতদিন খালেদার মুখ ব্যবহার করেই প্রচার করে এসেছে বিএনপি। কিন্তু খালেদার মৃত্যুর পর পরিকল্পনা বদল করতে হয়েছে তাদের। দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বসম্মতভাবেই তারেককে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এদিকে, তারেক নতুন দায়িত্ব নেওয়ার পরেই শনিবার বিকেলে তাঁর সঙ্গে দেখা করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিন ঢাকার গুলশনে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান প্রণয়। দু’জন বেশ কিছুক্ষণ কথা বলেন। সেই সময় আর কোনও নেতা সেখানে উপস্থিত ছিলেন না। পরে বিএনপির ফেসবুক পেজে প্রণয় ও তারেকের ছবি আপলোড করা হয়েছে। তবে দুজনের কী বিষয়ে কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। বিএনপি সূত্রে খবর, এটি একান্তই সৌজন্য সাক্ষাত্। তবে, শুক্রবার তারেকের সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। তারপরেই তারেকের সঙ্গে প্রণয়ের দেখা করার বিষয়টি তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।