


সংবাদদাতা, বেলদা: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম বিজেপির পঞ্চায়েত সমিতি গঠনের নজির তৈরি হল নারায়ণগড়ে। মঙ্গলবার নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপির রাজশ্রী মণ্ডল বর। এর আগে সর্বসম্মতিক্রমে সহকারী সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন বিজেপির অশোক জানা। ফলে তৃণমূলের দখলে থাকা নারায়ণগড় পঞ্চায়েত সমিতির পরিচালনায় ঘটল বড়সড় রাজনৈতিক পালাবদল।
৪৮ আসন বিশিষ্ট নারায়ণগড় পঞ্চায়েত সমিতিতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মাত্র দু’টি আসনে জয় পেয়েছিল। বাকি আসন ছিল তৃণমূলের দখলে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি পদত্যাগ করেন। পরবর্তীতে সভাপতি ও সহকারী সভাপতি পদে বিজেপির দুই সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগড় পঞ্চায়েত সমিতির নিয়ন্ত্রণে আসে বিজেপি।
মঙ্গলবার সভাপতি নির্বাচনকে ঘিরে বিজেপির পক্ষ থেকে মিছিল করে পঞ্চায়েত সমিতি কার্যালয়ে পৌঁছন দলীয় নেতা-কর্মী ও সমিতির সদস্যরা। উপস্থিত ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরি, বিজেপির জেলা সভাপতি সৌমেন তিওয়ারি, বেলদা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরিশঙ্কর অধিকারী-সহ দলীয় নেতৃত্ব।
বিধায়ক রমাপ্রসাদ গিরির বক্তব্য, নারায়ণগড়ের উন্নয়নের স্বার্থে অচলাবস্থা কাটাতেই সভাপতি নির্বাচন করা হয়েছে। তাঁর দাবি, ‘ডবল ইঞ্জিন’ সরকারের মাধ্যমে এবার নারায়ণগড় ব্লকের উন্নয়ন আরও গতি পাবে।