


বেরিলি: রাখিবন্ধন উৎসব উপলক্ষ্যে শুক্রবার উত্তরপ্রদেশের বেরিলি ক্লাবে উপহার বিতরণের আয়োজন করেছিলেন বিজেপি মেয়র উমেশ গৌতম। সেই উপহারের শাড়ি নিতে এলাকায় জড়ো হয়েছিলেন ২০ হাজারেরও বেশি মহিলা। আর সেখানেই সকাল থেকে ধুন্ধুমার। ভিড়ের চাপে বেশ কয়েকজন মহিলা মাটিতে পড়ে যান। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে দমবন্ধ হয়ে অনেকেই জ্ঞান হারান। সিনিয়র পুলিশ সুপার অনুরাগ আর্য বলেন, এই অনুষ্ঠানের ব্যাপারে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। যদিও এই ঘটনার ব্যাপারে কোনো লিখিত অভিযোগও দায়ের হয়নি। কীভাবে এই অচলাবস্থা সৃষ্টি হল? রাখি উপলক্ষ্যে বেরিলির ক্লাব ময়দানে শাড়ি বিতরণের আয়োজন করেন শহরের মেয়র। ঠিক ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে ওই অনুষ্ঠান। সেখানে মহিলাদের শাড়ি বিতরণ করা হবে। সেই খবর পেয়ে অনুষ্ঠান শুরুর অনেক আগেই জড়ো হয়েছিলেন মহিলারা। শাড়ি বিলি শুরু হতেই কে আগে যাবেন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। গরমে অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি বেগতিক দেখে মেয়র গৌতম ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে কাজের কাজ কিছুই হয়নি।