


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাংরায় দে পরিবারের নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ভাই প্রণয় দে ও প্রসূন দে’র বিরুদ্ধে প্রায় তিন মাসের মাথায় বৃহস্পতিবার চার্জ গঠন করল আদালত। বৃহস্পতিবার শিয়ালদহের দ্বিতীয় ফাস্ট ট্র্যাক আদালত জেল হেফাজতে থাকা অভিযুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র, খুন ও খুনের চেষ্টার অভিযোগ এনে চার্জ গঠন করে। বিচারক আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। আদালত সূত্রের খবর, ঘটনাস্থলের যিনি ফটো তুলে ছিলেন, সেই ফটোগ্রাফারের প্রথম সাক্ষ্য পেশ করার কথা। এদিন জেল থেকে দুই ভাইকে আদালতে হাজির করা হয়। অভিযুক্ত প্রণয় দে অসুস্থ থাকায় তাঁকে জেল থেকে অ্যম্বুলেন্সে করে আদালতে হাজির করা হয়। সেখান থেকে হুইল চেয়ারে এজলাসে হাজির করা হয়। এদিন সরকারি কৌঁসুলি ধৃতদের বিরুদ্ধে চার্জ গঠন করে দ্রুত বিচার শুরু করার আর্জি জানান। যদিও ধৃতরা আদালতে বলেন, ‘তাঁরা নির্দোষ।’ ভার্চুয়ালে এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রের খবর।
চলতি বছরের মে মাসে কলকাতার ট্যাংরার দে পরিবারের বাড়ি থেকে প্রণয় দে’র স্ত্রী ও প্রসূন দে’র স্ত্রী, তাঁদের নাবালিকা মেয়ের মৃতদেহ পুলিস উদ্ধার করে। পুলিসের অভিযোগ ছিল, দেনায় জর্জরিত হয়ে অভিযুক্ত দুই ভাই ওই হত্যাকাণ্ড ঘটান। পরে গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে নিজেরা আত্মঘাতী হওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরবর্তী সময় বিষয়টি প্রকাশ্যে আসতে পুলিস তাঁদের গ্রেপ্তার করে। তদন্ত শেষ করে পুলিস তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেয় আদালতে। অবশেষে এদিন ধৃতদের বিরুদ্ধে চার্জ গঠিত হল। সরকারি কৌঁসুলি সাংবাদিকদের বলেন, ‘শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার শুরু হচ্ছে, এটাই বড় সন্তোষের বিষয়।’