


টোটোন বর্মন, শীতলকুচি: আজ, শুক্রবার বিকেলে রথের রশিতে টান পড়বে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি বেড়াতে যাবেন। তাই রথযাত্রা উপলক্ষ্যে শীতলকুচি ব্লকের বিভিন্ন এলাকায় ক’দিন ধরে সাজো সাজো রব।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বছর ব্লকে ১২টি জায়গা থেকে রথ বের হবে। কয়েকদিন থেকেই বিভিন্ন মন্দির কমিটি রথ সাজানো ও পুজোর আয়োজন শেষ করেছে। শীতলকুচি ব্লকের গোঁসাইরহাটে শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট শ্রীধাম মায়াপুর পরিচালিত গোঁসাইরহাট রাধাগোবিন্দ জগন্নাথ মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হবে। ন’দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান ও কীর্তনের আয়োজন করেছে তারা। মন্দিরের পূজারি অমলকৃত্তি নিমাই দাস ব্রহ্মদাস জানিয়েছেন, জগন্নাথ দেবের পুজো উপলক্ষ্যে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। মাথাভাঙা, মেখলিগঞ্জ সহ পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েক হাজার পুণ্যার্থীর সমাগম প্রতিবছরই হয়। রথটি গোঁসাইরহাট বাজার পরিক্রমা করে পুনরায় মন্দিরে ফিরবে। বাউল, ভাওয়াইয়া, নৃত্য, বৈদিক নাটক অনুষ্ঠিত হবে।
বড়কৈমারি পঞ্চায়েতের ডাকঘরা দুর্গাপুজো কমিটি ও জিজ্ঞাসা নাট্যগোষ্ঠীর আয়োজনে এ বছর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। ক্লাবের সভাপতি মলয়চন্দ্র বর্মন জানান, রথটি ডাকঘরা বাজার পরিক্রমা করে স্থানীয় সন্তোষ বর্মনের বাড়িতে থাকবে। রীতি মেনেই সমস্ত আয়োজন করা হচ্ছে। মেলাও বসবে।
অপরদিকে, ভাঐরথানা বাজারেও রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। আয়োজকদের মধ্যে চন্দন প্রামাণিক বলেন, বহু বছর আগে গ্রামে রথযাত্রা শুরু হয়। তবে সঠিক সময় জানা নেই। অপরদিকে, লালবাজার, ছোট শালবাড়ি, শীতলকুচি ও খলিসামারি পঞ্চায়েতেও আজ রথযাত্রায় হাজার হাজার ভক্ত অংশ নেবেন। প্রতিটি এলাকাতেই বসবে মেলা।