


সংবাদদাতা, বারুইপুর: স্কুলের মিড ডে মিলে একঘেয়ে স্বাদের পরিবর্তন করতে এবার পড়ুয়াদের দেওয়া হল চিকেন বিরিয়ানি। মেনুতে এমন পদ পেয়ে দারুণ খুশি পড়ুয়ারা। তারা বেশ চেটেপুটে খেল দুপুরের খাবার। এমন দৃশ্য দেখা গেল মথুরাপুরের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। প্রধান শিক্ষক শেখর হালদার বলেন, পড়ুয়ারাই আবদার করেছিল, একদিন নতুন কিছু হোক। তাই তাদের ইচ্ছাতেই এমন আয়োজন। অভিভাবকরাও খুশি এমন ব্যবস্থায়।
স্কুলে চিকেন বিরিয়ানি খেতে লাইন পড়ে যায় পড়ুয়াদের। টেবিলে থালা নিয়ে বসে পড়ে সবাই। শিক্ষকরা ছিলেন পরিবেশনের দায়িত্বে। এক শিক্ষক বলেন, সত্যি ওরা আজ খুব আনন্দ পেয়েছে। মিড ডে মিলের প্রতিদিনের খাদ্যতালিকা একদিন একটু বদলে দিতেই ওরা খুশি। অভিভাবকরা বলেন, সপ্তাহে একদিন যদি পড়ুয়াদের জন্য এধরনের মেনু করা যায়, তাহলে ভালোই হয়। এতে স্কুলের ভূমিকাও প্রশংসনীয়।