


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভিন রাজ্যে কাজে গিয়ে ভয়ানক হেনস্তার মুখে পড়তে হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকদের। বাংলা ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে তাঁদের। ওড়িশার পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার এবং মহারাষ্ট্রেও এমন কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। বহরমপুরে সাংসদ বিধায়কদের সঙ্গে এক বৈঠকের পর এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে উড়িশা রাজ্য পুলিসের ডিজির সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গ রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার।
এই প্রসঙ্গে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মনে রাখবেন, বাংলায় বিভিন্ন রাজ্য থেকে আসা দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করেন। আমরা কিন্তু এখানে তাঁদের সঙ্গে কোনোরকম খারাপ ব্যবহার করি না এবং কোনোদিন করবও না।’
প্রসঙ্গত, মুর্শিদাবাদ থেকে ওড়িশায় কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের উপর লাগাতার অত্যাচার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।