


কলকাতা, ২৩ সেপ্টেম্বর: নেশা মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই নেশা বিরোধী অভিযানে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আজ ইকো পার্কে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিলের বোতল। বুলডোজারের চালকের আসনে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কাফ সিরাপ এর বোতল গুঁড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন এ রাজ্যে নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা চলবে না।
মুখ্যমন্ত্রী বলেন,‘সম্প্রতি রাজ্যে যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই নেশায় আসক্তরাই জড়িয়ে।’এই প্রসঙ্গে বারুইপুরে নাবালিকা ধর্ষণের ঘটনার কথাও তিনি তুলে ধরেন। তিনি আরো জানান, রাজ্যের কোথাও নিষিদ্ধ কাপ সিরাপ তৈরীর কারখানা থাকবে না। এমনকি বাংলাদেশ সীমান্ত পার করে এ রাজ্যে যাতে কোনো ভাবেই অবৈধ সিরাপ এর বোতল না ঢোকে সেদিকেও চালানো হবে কড়া নজরদারি।
২০২৯ সালের মধ্যে ভারতকে নেশা মুক্ত করতে হবে। এমনই লক্ষ প্রধানমন্ত্রীর। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রথম দফায় ২ লক্ষ্য অবৈধ কাফ সিরাপের বোতল ভাঙা হয়েছিল বালুরঘাটে। এবার ভাঙা হলো তিন লক্ষের বেশী।