


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জেল ও নিম্ন আদালতগুলির পরিকাঠামো তৈরিতে অর্থ বরাদ্দ করা হচ্ছে না। দিনের পর দিন কাজ আটকে রয়েছে। এই ব্যাপারে বৃহস্পতিবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়লেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বিল্ডিং নির্মাণ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র-সহ একাধিক কাজে ১৭ কোটি টাকার প্রয়োজন থাকলেও, তা দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তুলেছে আদালত।
এদিন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে ভার্চুয়ালি হাজিরা দেন
মুখ্যসচিব। সিসিটিভি বসানো এবং ফুটেজ সংরক্ষণের কাজ ২০২৪ সাল থেকে আটকে আছে। বেঞ্চ জানতে চায়, এসব কতদিনে শেষ হবে? হাইকোর্টের মোট ৫৫টি কাজ বাকি রয়েছে। পাশাপাশি, জেলা আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা নিয়েও প্রশ্ন তোলে আদালত। মুখ্যসচিব অবশ্য জানান এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করা হবে। মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর।