


টোকিও, ২ অক্টোবর: ৪৪ বছর পর। আজ, শুক্রবার এশিয়ান গেমসের ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ চিনকে হারিয়ে সোনা জিতল ভারতীয় মহিলা হকি দল। এর ফলে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসের ওলিম্পিক্সের ছাড়পত্রও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এদিন খেলার শুরুর দিক থেকেই চিনকে বেশ চাপে রেখেছিল ভারতীয় মহিলা হকি দল। ভারতের হয়ে প্রথম কোয়ার্টারেই ১০ মিনিটের মাথায় গোল করেন লালরেমসিয়ামি। এর ফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল। এদিন ২০০তম ম্যাচ খেলছিলেন তিনি।
ভারতের গোলের পরই সমতা ফেরানো এবং জয়ের জন্য মরিয়া চেষ্টা করতে থাকেন চিনের দল। কিন্তু তাঁদের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ করে দেন ভারতীয় ডিফেন্সের প্লেয়াররা। দ্বিতীয় কোয়ার্টারে চিন একটি পেনাল্টি পায়। কিন্তু ঝ্যাং ইয়ংয়ের নেওয়া দুরন্ত শট টিম ইন্ডিয়ার কিপার সবিতা পুনিয়া অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন। গোললাইন সেভ করেন নবনীতও। এরপর লাগাতার আক্রমণ করতে থাকে চিনা দল। কিন্তু ভারতীয় ডিফেন্স প্রতিবারই তাদের আটকে দেয়। চিনের মূর্হুমূর্হুর আক্রমণের জেরে ডিফেন্স ছেড়ে উপরের দিকে উঠতেই পারেনি ভারত। কিন্তু ভারতীয় ডিফেন্স এতটাই নিঁখুত ছিল যে শত চেষ্টা করেও তা ভাঙতে সক্ষম হয়নি চিনা বাহিনী।
শেষে গোলের জন্য মরিয়া হয়ে গোলরক্ষক তুলে নিয়ে ফিল্ড প্লেয়ার নামায় চিনা দল। কিন্তু তাতেও লাভ হয়নি। শেষমেশ ১-০ গোলের ব্যবধানেই চিনকে হারায় ভারতীয় দল। হুটার বাজার পরই মাঠে নেমে আসেন ভারতীয় কোচ শোয়ার্ড এবং সাপোর্ট স্টাফরা। সকলেই জয়ের খুশিতে প্লেয়ারদের জড়িয়ে ধরেন। স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রীড়ামহলেও খুশির হাওয়া। বাড়তি পাওনা লস অ্যাঞ্জেলসের ওলিম্পিক্সের যোগ্যতা অর্জন। উল্লেখ্য, শেষবার ১৯৮২ সালে এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।