


বেজিং, ১১ মার্চ: কোভিড মহামারির পর বন্ধ ৬ বছর। ফের চালু হতে চলেছে চীন-উত্তর কোরিয়া ট্রেন পরিষেবা। ১২ মার্চ পুনরায় বেজিং থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়্যাং এর উদ্দেশে রওনা দেবে যাত্রীবাহী ট্রেনটি। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ট্রেনের সমস্ত টিকিট। উত্তর কোরিয়া ও চীনের সুসম্পর্কের প্রতীক এই ট্রেন। বর্তমানে, কিছু চুক্তির অধীনে খুব কম সংখ্যক লোককে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হয়ছে।
১২ মার্চের টিকিট মূলত ব্যবসায়িক ভিসাধারী যাত্রীদেরই দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী, সরকারি কর্মচারী এবং সাংবাদিকরা। ধীরে ধীরে সবার জন্যই এই পরিষেবা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন বেজিংয়ের একটি সংস্থা। চীনের রেল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেজিং- পিয়ংইয়্যাং রুটে সপ্তাহে চার দিন সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার দুই দেশ থেকেই মিলবে পরিষেবা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ট্রেন পরিষেবা চালু হলে চীন ও উত্তর কোরিয়ার মধ্যে ফের ভ্রমণ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি দুই দেশের যোগাযোগ ও বন্ধুত্বও আরও মজবুত হবে।
তবে সূত্র থেকে জানা গিয়েছে, উত্তর কোরিয়া এখনও অধিকাংশ বিদেশি পর্যটকের জন্য বন্ধ রয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে রাশিয়া থেকে আগত পর্যটকদের প্রবেশের অনুমতি দিচ্ছে উত্তর কোরিয়া সরকার। কোভিডের আগে উত্তর কোরিয়ায় বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বড় অংশ ছিল চীনা নাগরিকদের। ফের আগের ছন্দে ফিরবে উত্তর কোরিয়া-চীন সম্পর্ক এমনটাই মনে করছে দুই দেশের নাগরিকরা।