


বেজিং: ২০১৭ সালে ডোকা লা সংঘাত ও ২০২০ সালের গলওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় চীনা বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ঝাও জোনকি। শোনা গিয়েছিল, ভারতকে ‘শিক্ষা’ দিতেই আক্রমণের সবুজ সংকেত দিয়েছিলেন তিনি। তখন পিপলস লিবারেশন আর্মির পশ্চিম কমান্ডের দায়িত্ব ছিলেন ঝাও। এহেন দোর্দন্ডপ্রতাপ জেনারেলকেই এবার দেশের রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলী থেকে সরিয়ে দিল জি জিনপিং সরকার। জানা গিয়েছে, ২৬ আগস্ট ভোটাভুটির মাধ্যমে পিপলস পলিটিক্যাল কনসালটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) দুটি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তবে কী কারণে এই পদক্ষেপ তা নিয়ে দল বা সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ঝাওকে সরিয়ে দেওয়ার ঠিক দুদিন পরেই ২৮ আগস্ট জাং ইউশিয়া ও লিউ জেনলি নামের দুই সেনাকর্তাকেও সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ‘শৃঙ্খলাভঙ্গ ও বেআইনি কার্যকলাপের’ অভিযোগ আনা হয়েছে। একসময় এই হাইপ্রোফাইল কমিশনে ছিলেন ৭ জন সদস্য। ইউশিয়া ও জেনলিকে সরিয়ে দেওয়ার পর রইলেন মাত্র ২ জন। তাদের মধ্যে একজন স্বয়ং জিনপিং। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছেন, ২০১৩ সালেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছিল বেজিং। সরকারিভাবে তার নাম দেওয়া হয়েছিল ‘শুদ্ধকরণ’। বেশ কয়েকজন সেনাকর্তা ও প্রশাসনিক আধিকারকের উপরে নেমে এসেছে শাস্তির খাঁড়া।