


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখেছেন ইস্ট বেঙ্গলের মিগুয়েল। ব্রাজিলিয়ান ফুটবলারের নির্বাসনের আশঙ্কাও মাথাচাড়া দিচ্ছে। তাঁর পরিবর্তে কাকে খেলাবেন লাল-হলুদ কোচ? সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আগামী ২৮ এপ্রিল অস্কার ব্রিগেডের প্রতিপক্ষ ওড়িশা এফসি। নির্বাচনের কারণে এই ম্যাচটি হবে গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে। উল্লেখ্য, ৮ ম্যাচে ইস্ট বেঙ্গলের পয়েন্ট ১৫। বাকি ৫ ম্যাচের সবক’টিই কার্যত ফাইনাল। এমন পরিস্থিতিতে মিগুয়েলের ঘাটতি ঢাকতে অস্কারের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়।
মিগুয়েল ইস্ট বেঙ্গলের ইঞ্জিন। দলের সেরা প্লে-মেকার। গোল করার পাশাপাশি অ্যাসিস্টেও দক্ষ। রাতারাতি তাঁর বিকল্প পাওয়া অসম্ভব। সেক্ষেত্রে ওড়িশার বিরুদ্ধে সাউল ক্রেসপোকে ফিডারের ভূমিকায় দেখা যেতে পারে। কেন সাউল? আসলে বেঙ্গালুরু ম্যাচে মিগুয়েল বেরিয়ে যাওয়ার পর আপফ্রন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ফ্রি-কিক ও কর্নার নিতেও দক্ষ। সেক্ষেত্রে ডাবল পিভটের ভূমিকায় দেখা যেতে পারে রশিদ ও শৌভিককে। স্ট্রাইকারে শুরুতে নজর কেড়েছিলেন ইউসেফ এজেজ্জারি। কিন্তু ইদানীং গোলের বুটজোড়া খুঁজে পাচ্ছেন না তিনি। বরং বেঙ্গালুরুর বিরুদ্ধে শেষ মুহূর্তে মান বাঁচিয়েছেন সোয়বার্গ। অনেকেই মনে করেন ডেভিড ও সোয়বার্গের আরও বেশি ম্যাচ টাইম পাওয়া উচিত। কিন্তু একবগ্গা অস্কার কি পরিকল্পনা বদলাবেন? এমনিতেই গোঁয়ার্তুমি করে ৩ ডিফেন্ডারে দল সাজাচ্ছেন তিনি। স্কোয়াডে জয় গুপ্তা, রাকিপের মতো বিশেষজ্ঞ উইং ব্যাক থাকলেও বিষ্ণুদের খেলাচ্ছেন অস্কার। বিশেষজ্ঞদের বার্তা, এবার অন্তত ইগো ছেড়ে ঠিকঠাক দল বাছুন ব্রুজোঁ।