


নয়াদিল্লি: বাক স্বাধীনতা-মতপ্রকাশের অধিকার সকলের রয়েছে। কিন্তু ‘গুরুত্ব’ বুঝতে হবে নাগরিকদের। তাহলেই সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করা থেকে তারা বিরত থাকতে পারবে। সকলের উচিত, অবমাননাকর মন্তব্যের ব্যাপারে আত্মনিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানৌলির বিরুদ্ধে ওয়াজাহাত খানের দায়ের করা মামলায় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের জেরে গত ৯ জুন কলকাতায় গ্রেপ্তার করা হয়েছিল ওয়াজাহাত খানকে। তাঁর অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার সেই মামলায় বিচারপতি বি ভি নাগরত্না এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের নির্দেশ, যে পোস্ট বা মন্তব্য ঘৃণা বা বিদ্বেষ ছড়ায় সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই নিয়ে কেন্দ্র ও রাজ্য-উভয় সরকারকেই সজাগ থাকতে হবে। তবে যাতে কারও বাক স্বাধীনতা খর্ব না হয়, সেটা নিশ্চিত করাও জরুরি।