


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শারোদোৎসব না দুর্গাপুজো! বামেরা স্টল দিলে তাতে কী লেখা থাকবে? তা নিয়ে উৎসবের আগে সরগরম রাজ্য রাজনীতি। আর এর মাঝেই এবার বিশ্বকর্মা পুজো করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাম শ্রমিক সংগঠন সিটু। পুজো করতে পুলিশ অনুমতি দিচ্ছে না এই অভিযোগে মামলা করেছিল হলদিয়া রিফাইনারির সিটু সমর্থিত শ্রমিক ও কর্মচারি সংগঠন। হলদিয়া বন্দরের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গেটে পুজো করতে চেয়ে বন্দর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিল তারা। অনুমতিও মেলে। কিন্তু অভিযোগ ছিল, পুলিশ ফায়ার সংক্রান্ত অনুমতি দিচ্ছে না। সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে। শুনানির পর বিচারপতি নির্দেশে জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যেই পুলিশকে পুজোর জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে হবে। মামলাকারী সংগঠনের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক দিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন বিশ্বকর্মা পুজোয় বামেরা এসে অঞ্জলি দিক। অন্য দিকে, তাঁর পুলিশই বিশ্বকর্মা পুজোয় অনুমতি দিচ্ছে না। এটা দ্বিচারিতা। যে যাঁর মতো ধর্মাচরণ করবেন, এই অধিকার ভারতের প্রতিটি মানুষকে দেশের সংবিধান দিয়েছে। সংবিধান প্রদত্ত ধর্মাচরণের অধিকার রক্ষা করতেও এখন হাইকোর্টে ছুটতে হচ্ছে।’
জানা গিয়েছে, সিটু অনুমোদিত হলদিয়া রিফাইনারি শ্রমিক ও কর্মচারী বিশ্বকর্মা উৎসব কমিটির তরফে নিয়মিত পুজো হত। কিন্তু ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই পুজো বন্ধ হয়ে যায়। প্রায় দেশ দশক পর ফের তারা পুজোর আয়োজন করতে চলেছে। আর তাতেই বাধ সেধেছিল পুলিশ। অবশেষে মিলল অনুমতি।