


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একজন সিভিক ভলান্টিয়ার বিনা নোটিসে সাতদিন কাজের জায়গায় অনুপস্থিত থাকলেই তাঁকে হোয়াটসঅ্যাপে নোটিস পাঠাতে হবে। প্রথম নোটিস দেওয়ার সাতদিন পরও উত্তর না মিললে দ্বিতীয় দফার নোটিস পাঠাতে হবে। তাতেও সাড়া না দিলে তাঁকে বসিয়ে দিতে হবে। এবার সিভিক ভলান্টিয়ারদের জন্য এই আদর্শ আচরণবিধি চালু করল লালবাজার। ১৭ সেপ্টেম্বর খোদ কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা এই বিধি চালু করেছেন। উল্লেখ্য, ঝাড়খণ্ডে খুনের মামলাতে কলকাতা পুলিশের বেলেঘাটা ট্রাফিক গার্ডের সার্জেন্ট সহ মহিলা সিভিক গ্রেপ্তারের পরপরই সিভিকদের জন্য এই আচরণবিধি চালু হল। ফলে একে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কলকাতা পুলিশের একাংশ। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, বাংলা এবং ইংরেজি, দু’টি ভাষাতেই এই আচরণবিধি প্রকাশ করা হয়েছে।
তাতে বলা হয়েছে, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ, বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, দুর্নীতি বা ‘চাঁদাবাজি’তে জড়িত থাকার মতো ঘটনা ঘটলে তাঁকে সরিয়ে দিতে হবে। এমনকী কলকাতার থানা, ফাঁড়ি, ট্রাফিক গার্ডে কর্মরত সিভিক অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ওসিকে ডিসির কাছে রিপোর্ট দিতে হবে। কলকাতার পুলিশ কমিশনারের এই আদর্শ আচরণবিধি দ্রুত কার্যকর করার জন্য কলকাতা পুলিশের সব ডিসি সহ সমস্ত পদস্থ কর্তাদের ইতিমধ্যে পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবেই সিপির এই নির্দেশিকা ঘিরে সিভিক মহলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।