


সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে পোস্টার পড়ল ককরোচ জনতা পার্টির। যা ঘিরে স্বাভাবিকভাবে হইচই শুরু হয়েছে এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্দরে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল ও আশ্রম এলাকার একাধিক জায়গায় সিজেপি-র পোস্টার দেখা যায়। যেখানে বিনয় ভবন ও সংগীত ভবনে অধ্যাপক নিয়োগ ও গবেষণার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়গুলির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে বিশ্বভারতীর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল সহ ডেপুটি রেজিস্ট্রার নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছিল। বহু আবেদনকারী পদপ্রার্থী প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় উচ্চ শিক্ষা মন্ত্রক সহ একাধিক স্থানে বিষয়টি নিয়ে সরব হন। তাঁদের দাবি ছিল, সমস্ত যোগ্যতামান থাকা সত্ত্বেও ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকা হয়নি। আবার অনেকে স্বজন পোষণের অভিযোগও তুলেছিলেন। কয়েকটি নিয়োগ সংক্রান্ত বিষয় জাতীয় তফশিলি কমিশনের বিচারাধীন রয়েছে। তার মধ্যেই এই পোস্টার। সিজেপির এই পোস্টার কে বা কারা লাগিয়েছেন, তা জানা যায়নি। এই বিষয়ে এখনো বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।