


নয়াদিল্লি, ২১ জুলাই: অবশেষে ‘মৌণতা’ ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করলেন তিনি। দিলেন দোষীদের কড়া শাস্তির আশ্বাস।
যদিও রণেভঙ্গ দিয়ে সরকারের সঙ্গে ‘সমঝতা’র কোনও লক্ষণ দেখা যাচ্ছে না আন্দোলনকারীদের মধ্যে। বরং গতকাল পুলিশি অভিযান তাঁদের মনোবল যেন আরও বাড়িয়ে দিয়েছে। যার প্রতিফলন দেখা গেল দিল্লির যন্তর মন্তরে। ফের গোটা এলাকার দখল নিল ককরোচ-জনতা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন সিজেপি নেতৃত্ব।
এদিন এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, বিষয়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপ করেছে। রেয়াত করা হয়নি এই ‘ঘোর পাপে’ জড়িতদের। প্রত্যেককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তে ১৩ জনের ঠিকানা জেল। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রুখতে প্রধানমন্ত্রী সামগ্রিক উদ্যোগের উপরে জোর দিয়েছেন বলেও জানান তিনি। পাশাপাশি সংসদ পরিচালনায় বিরোধীদের থেকে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।