


সোমনাথ বসু, কলকাতা: বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার নির্বাচন। রাজ্যজুড়ে ভোটের তরজা তুঙ্গে। আর সেদিন সন্ধ্যা ৫-৪৫ মিনিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসতে চলেছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আসন্ন সঙ্গী জিনিয়াসের প্রতিনিধি এবং আইএসএলে অংশগ্রহণকারী একাধিক ফ্র্যাঞ্চাইজির সিইও। ভারতীয় ক্লাব ফুটবলের প্রেক্ষিতে এই ভিডিয়ো কনফারেন্সের তাৎপর্য অপরিসীম। পাঠকরা সবাই জানেন যে, চলতি মরশুমে এফএসডিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ফেডারেশন। অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে পার্টিসিপেশন ফি প্রথম কিস্তি হিসেবে ৩০ লক্ষ টাকা নেওয়া হয়েছে। পরে পাওয়া যাবে প্রায় ৭০ লক্ষ টাকা। লিগ চালানোর বাকি খরচ দিচ্ছে এআইএফএফ। আগামী মরশুম থেকে আইএসএলের নিয়ন্ত্রণ থাকবে সম্ভবত ‘জিনিয়াসে’র কাছে। আর তাতেই প্রবল আপত্তি এফএসডিএলের বন্ধু ফ্র্যাঞ্চাইজি মালিকদের। এই তালিকার সর্বাগ্রে রয়েছেন মোহন বাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। শোনা যাচ্ছে, ফেডারেশনের কাজকর্মে তিনি অসন্তুষ্ট। এই ব্যাপারে তিনি পাশে পেয়েছেন ইস্ট বেঙ্গলের আদিত্য আগরওয়াল, চেন্নাইয়ান এফসি’র ভিতা দানি, বেঙ্গালুরু এফসি’র পার্থ জিন্দাল, এফসি গোয়ার নন্দন পিরামল, নর্থ ইস্ট ইউনাইটেডের জন আব্রাহামকে। প্রত্যেকের দাবি, ফেডারেশন যেন নতুন করে কমার্শিয়াল পার্টনারের বিড প্রক্রিয়া শুরু করে। সঞ্জীব গোয়েঙ্কা, পার্থ জিন্দাল, জন আব্রাহামরা আইএসএলের প্রারম্ভিক লগ্ন থেকে ফ্র্যাঞ্চাইজির জন্য প্রচুর অর্থ লগ্নি করেছেন। কিন্তু সেভাবে লাভের মুখ দেখেননি। তাঁদের আশা ছিল, দশ বছর হওয়ার পর ফ্র্যাঞ্চাইজি ফি বেঁচে গেলে কিছু লাভ তাঁরা পাবেন। এখন ‘জিনিয়াস’ চলে এলে সে গুড়ে বালি। তাই ক্লাব মালিকরা তড়িঘড়ি চিঠি লিখেছেন ফেডারেশনকে।
আগামী মরশুমে ফেডারেশনের সম্ভাব্য পার্টনার জিনিয়াসের সঙ্গে ক্লাবজোটের প্রতিনিধিদের আলোচনা ফলপ্রসূ হয় তাহলে ভারতীয় ফুটবল কিছুটা হলেও গতি পাবে। কিন্তু ক্লাব জোটের স্বার্থ ক্ষুণ্ণ হলে বিপদ অনিবার্য। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে মোহন বাগান থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। অন্যান্য মালিকরাও একই পথে হাঁটলে অবাক হওয়ার কিছু নেই। কারণ ক্লাবজোট সবসময়ই চাইছে, এফএসডিএলের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকুক। তাই ফেডারেশনের উপর চাপ সৃষ্টি করার জন্যই এই পদক্ষেপ। বৃহস্পতিবার সন্ধ্যায় ভিডিয়ো কনফারেন্সের পর জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। তবে এদিন এআইএফএফের সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানান, ‘এই মুহূর্তে জিনিয়াসের অফারই আমাদের কাছে সবচেয়ে দামি। ক্লাবজোটের কোনও প্রশ্ন কিংবা বিভ্রান্তি থাকলে তার উত্তর দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থার। বৃহস্পতিবার তাই ভিডিয়ো কনফারেন্সের আয়োজন করা হয়েছে। কিন্তু কোনোভাবেই নতুন করে কমার্শিয়াল পার্টনারের বিড প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা নেই।’