


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গ্লোবাল মার্কেট ইউনিট কলকাতা থেকে মুম্বইতে সরিয়ে নিয়ে যাওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি উঠল। এতে মুখ্যমন্ত্রী যাতে পদক্ষেপ করেন, তার জন্য চিঠি দিয়েছে নাগরিক সংগঠন ‘ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ’। তাদের বক্তব্য, এই সিদ্ধান্তে রাজ্যের অন্তত ২৫ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে।
ওই সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছে, গ্লোবাল মার্কেট ইউনিটের পাশাপাশি লায়াবিলিটি সেন্ট্রাল প্রসেসিং সেল, সেন্ট্রালাইজড চেক প্রসেসিং সেল এবং সেন্ট্রালাইজড পেনশন প্রসেসিং সেল সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা থেকে। তাদের বক্তব্য, ২০০৮ সালে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, অফিসার সংগঠন এবং কর্মী সংঠনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ‘ফরেক্স ট্রেজারি’র কাজ কলকাতা থেকেই চলবে। পাশাপাশি গ্লোবাল মার্কেট ইউনিটের মধ্যেই ২০১৫ সালে তৈরি হয় সেন্ট্রাল গ্লোবাল ব্যাক অফিস। তাই পুরনো চুক্তি নস্যাৎ করে এক প্রকার জোর করেই গ্লোবাল মার্কেট ইউনিট সরাচ্ছে এসবিআই, দাবি করেছে ওই সংগঠন। তারা মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছে, এই সিদ্ধান্তে ১৫০ জন কর্মী এবং ২০০ জন চুক্তিভিত্তিক কর্মীর উপর প্রভাব পড়বে।