


নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: এদিন সকালেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। সিএনজি বোঝাই একটি ট্রাক বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। সেই সময়েই বড়ো বিপদের মুখে পড়তে হয় ওই ট্রাকটিকে। জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাম্পার পার হওয়ার পরেই ট্রাকটিতে আগুন ধরে যায়। এরপর ভয়াবহ আগুন দেখে দমকলে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাঁকুড়া থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। পাশাপাশি এসে পৌঁছয় পুলিশ। এরপর অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গ্যাস লিক হওয়ার কারণে গাড়িটিতে আগুন ধরে যায়। তারপর দ্রুত আগুন ছড়িয়ে যায় পুরো ট্রাকটিতে। আগুনের তীব্রতা বেশি থাকায় ট্রাকটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। চালক ও খালাসি কোনোক্রমে পালিয়ে প্রাণ বাঁচান নিজেদের। গ্যাস ভরা ওই ট্রাক থেকে আগুন ছড়িয়ে পড়ে, রাস্তার পাশে থাকা আটটি বাইক ও একটি মুরগির মাংসের দোকান পুড়ে খাঁক হয়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। তারপর পুলিশ তা স্বাভাবিক করে।